হোসাইনী আই কেয়ার সেন্টার ইউনিট–২-এর শুভ উদ্বোধন

কিশোরগঞ্জের দুর্গম জনপদ আগানগর  এলাকার দরিদ্র ও অসচ্ছল চক্ষুরোগীদের দোরগোড়ায় নিয়মিত বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ পৌঁছে দেওয়ার লক্ষ্যে হোসাইনী আই কেয়ার সেন্টার ইউনিট–২-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) আগানগরস্থ শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) দাতব্য চিকিৎসালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এ ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বিশিষ্ট সমাজসেবক মো. মতিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক পিজি হাসপাতাল) ল্যাব কনসালটেন্ট ডা. মাসুদ রানা।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মাসুদ রানা বলেন, “চিকিৎসাসেবা মানুষের মৌলিক অধিকার। বিশেষ করে প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষ অর্থনৈতিক অসচ্ছলতার কারণে অনেক সময় প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হন। তাদের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগ নিঃসন্দেহে একটি মানবিক ও প্রশংসনীয় কাজ। এ ধরনের উদ্যোগের মাধ্যমে অসংখ্য মানুষের দৃষ্টিশক্তি রক্ষা এবং জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) দাতব্য চিকিৎসালয়ের তত্ত্বাবধায়ক আরিফুল ইসলাম আরিফ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চক্ষুরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. মো. কামরুল হাসান, প্রসূতি ও বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ ডা. অনন্যা মান্নান এবং ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মো. সেলিম মিয়া।

আয়োজকরা জানান, নতুন এ ইউনিটের মাধ্যমে আগানগরসহ আশপাশের দুর্গম এলাকার দরিদ্র ও অসচ্ছল চক্ষুরোগীরা নিয়মিতভাবে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ঔষধ পাওয়ার সুযোগ পাবেন। প্রয়োজন অনুযায়ী জটিল রোগীদের উন্নত চিকিৎসার জন্য পরবর্তী ব্যবস্থাও গ্রহণ করা হবে।

উল্লেখ্য, দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারীর গাউসিয়া হক মঞ্জিলের শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন জনকল্যাণমূলক প্রতিষ্ঠান যাকাত ওয়েলফেয়ার ফান্ডের ব্যবস্থাপনায় হোসাইনী আই কেয়ার সেন্টার ইউনিট–২ পরিচালিত হবে। প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও অসচ্ছল মানুষের জন্য নিয়মিত বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করাই এ উদ্যোগের অন্যতম প্রধান লক্ষ্য।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ-এর কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার সাংগঠনিক সমন্বয়ক মো. ইউসুফ মিয়া, রায়হান আহমেদ রবিন, মো. বাদল মিয়া ও মো. মোবারক হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবীরা।

আরো দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজিটাল যাকাত বাক্স

আর্তমানবতার সেবায় আপনার যাকাত প্রদান করতে বিকাশ, নগদ, রকেট, উপায়সহ যে কোনো ব্যাংকিং অ্যাপ থেকে স্ক্যান করুন।