ছবি পবিত্র ২৬ আশ্বিন উরস শরিফ উপলক্ষে মানবিক সেবায় অসহায় মানুষের চোখে নতুন আলোর স্পর্শ।
মানুষের চোখে আলো ফিরিয়ে দেওয়া মানে শুধু দৃষ্টিশক্তির যত্ন নেওয়া নয়, বরং জীবনে নতুন আশার সঞ্চার করা।
সেই মানবিক চেতনা থেকে বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর ৩৮তম মহান ২৬ আশ্বিন উরস শরিফ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আশেকানদের জন্য আয়োজন করা হয় দুই দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প।
এই মানবিক আয়োজনে কয়েকশ রোগী বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, ইসিজি পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা গ্রহণের সুযোগ পান। বিশেষ করে আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মানুষের জন্য এই উদ্যোগ হয়ে ওঠে স্বস্তি, সহমর্মিতা ও নতুন আশার প্রতীক।
ক্যাম্পে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে চিকিৎসাসেবা প্রদান করেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী অভি ও ডা. চিরঞ্জীব মণ্ডল।
শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট (SZHM Trust)-এর নিয়ন্ত্রণাধীন জনকল্যাণমূলক প্রতিষ্ঠান যাকাত ওয়েলফেয়ার ফান্ডের ব্যবস্থাপনায় দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারীর গাউসিয়া হক মনজিলের নিজস্ব ভবনে প্রতিষ্ঠিত হোসাইনী আই কেয়ার সেন্টারে এই চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এই মহতী উদ্যোগ কেবল চিকিৎসাসেবা নয়, বরং মানবপ্রেম ও নিঃস্বার্থ সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত। অসহায় মানুষের মুখে স্বস্তির হাসি ফোটানোই এর প্রকৃত সার্থকতা।

